শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

উত্তরায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজধানীর উত্তরায় বিআরটি উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি পুলিশের এক কর্মকর্তার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামে আরেক যুবক।

উত্তরায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি


রাজধানীর উত্তরায় বিআরটি উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি পুলিশের এক কর্মকর্তার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামে আরেক যুবক।

শনিবার (৩ জানুয়ারি) রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২০-১৫৭৪) জব্দ করা হয়েছে। একই সঙ্গে গাড়ির চালক ফিরোজ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামের বাসিন্দা।

নিহত তৌফিক রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকার আরিফ নেওয়াজের ছেলে। আরিফ নেওয়াজ পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং বর্তমানে সিআইডিতে কর্মরত। আহত মারুফ রামপুরার ওয়াপদা রোড এলাকায় বসবাস করেন।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, প্রাইভেট কারটি বিআরটি লেন ব্যবহার করে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেলটি একই লেন দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তৌফিকুর রহমানের মৃত্যু হয় এবং আরোহী মারুফ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চালক ফিরোজ মিয়াকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, “এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।”

এদিকে ঘটনাস্থলে থাকা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ ভূঁইয়া বলেন, “তৌফিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।”