বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভুটানকে ১২ গোলে উড়িয়ে বাংলাদেশের দারুণ শুরু

শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালের পোখারার রঙ্গশালায় ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। পুরো ম্যাচজুড়েই একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেয় পিটার বাটলারের দল।

ভুটানকে ১২ গোলে উড়িয়ে বাংলাদেশের দারুণ শুরু
ছবি: সংগৃহীত

শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালের পোখারার রঙ্গশালায় ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। পুরো ম্যাচজুড়েই একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেয় পিটার বাটলারের দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। ওই সময়ে কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দুর্দান্ত গোল করেন মামনি চাকমা। বল জালে যাওয়ার আগে ভুটানের গোলকিপারের হাতে লেগেছিল কি না রিপ্লেতে স্পষ্ট বোঝা যায়নি। তবে বল সরাসরি জালে গেলে সেটি অলিম্পিক গোল হিসেবে ধরা হয়। মামনির গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে যায়। প্রথমার্ধেই আরও দুটি গোল যোগ করে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দল।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে চাপে ফেলে আলপি-মুনকিরা। পঞ্চম গোল হজমের পর গোলরক্ষক বদলাতে বাধ্য হয় ভুটান। কিন্তু তাতেও রক্ষা হয়নি—৫৯ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোল আসে। এরপর বাকি সময়ে আরও ছয় গোল করে গোল উৎসবের মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পোখারার রঙ্গশালার মাঠের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না। মাঠের বড় অংশে ঘাস ছিল না এবং মাটি ছিল অসমতল। প্রতিকূল এই মাঠে শুরুতে বল নিয়ন্ত্রণে রাখতে কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে মানিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।

চার জাতির এই লিগ ভিত্তিক টুর্নামেন্টে বাকি দুই দল স্বাগতিক নেপাল ও ভারত আজ বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে খেলবে।

সাফের বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের সাফল্যও উল্লেখযোগ্য। অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে অনুষ্ঠিত ৬টি টুর্নামেন্টের মধ্যে ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়। এছাড়া গত বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও শিরোপা জেতে বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।