যশোর জেলা শহরের ধর্মতলা এলাকায় যুবলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলের দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল যুবলীগের ব্যানারসহ বিভিন্ন স্লোগান দিয়ে আকস্মিকভাবে এই মিছিলটি বের করে।
মিছিলের ব্যানারে সার্বিক ব্যবস্থাপনায় হাজী আলমগীর কবীর সুমনের নাম উল্লেখ ছিল।
মিছিলটি শুরু হওয়ার পরপরই পুলিশ ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা উপস্থিত হন। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়। আটকের পর প্রথমে তাদের ডিবি কার্যালয়ে এবং পরবর্তীতে কোতোয়ালি থানায় স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি দল দ্রুত অকুস্থলে পৌঁছায়। সেখান থেকে তাৎক্ষণিকভাবে ১০ জনকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের গোপনীয়তা ও স্বার্থ রক্ষায় এই মুহূর্তে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
প্রসঙ্গগত উল্লেখ্য, এর আগেও শহরের বাবলাতলা, গরীবশাহ ও পোস্ট অফিসপাড়া এলাকায় যুবলীগের ব্যানারে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করার ঘটনা ঘটেছে। সেইসব ঘটনাতেও জড়িত থাকার দায়ে ইতিপূর্বে অসংখ্য নেতাকর্মীকে আইনের আওতায় এনেছে পুলিশ।