রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে। এর মধ্যে চারটি বড় আকৃতির এ-৩৫০-৯০০ এবং ছয়টি ছোট আকৃতির এ-৩২১ নিও মডেলের উড়োজাহাজ রয়েছে। এর আগে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। সব মিলিয়ে ৩৫টি উড়োজাহাজ কিনতে দুই নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এয়ারবাসের সঙ্গে চুক্তিটি সই হয়। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, এ-৩৫০-৯০০ মডেলের চারটি উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর এ-৩২১ নিও মডেলের ছয়টি উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এর ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় রুটে বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এয়ারবাসের তথ্য অনুযায়ী, এ-৩৫০-৯০০ উড়োজাহাজে বিজনেস ক্লাস, ইকোনমি ফার্স্ট ক্লাস ও ইকোনমি ক্লাস মিলিয়ে ৩৩২ থেকে ৩৫২ জন যাত্রী পরিবহন করা যায়। শুধু ইকোনমি ক্লাসে আসনসংখ্যা ৪৮০ পর্যন্ত করা সম্ভব। উড়োজাহাজটির জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা আগের প্রজন্মের উড়োজাহাজের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি এবং কার্বন নিঃসরণও তুলনামূলক কম। এটি প্রায় ১৮ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
অন্যদিকে এ-৩২১ নিও উড়োজাহাজে প্রথম বা বিজনেস ক্লাসসহ দুই শ্রেণিতে ১৮০ থেকে ২২০ জন যাত্রী পরিবহন করা সম্ভব। শুধু ইকোনমি ক্লাসে সর্বোচ্চ ২৪৪টি আসন রাখা যায়। এই মডেলের উড়োজাহাজ প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম।
‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার, বিমান ও এয়ারবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।