স্থানীয় নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়: সংসদীয় কমিটি
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সময় দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে প্রস্তুতির জন্য সময় প্রয়োজন হলেও আগামী বছরের শুরুতেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সভাপতি সেলিম রেজা হাবিব।
স্থানীয় সরকার নির্বাচনকে অন্যান্য নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, তা এখনো পুরোপুরি নেই। আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন হবে।’
স্থানীয় নির্বাচনে ঝুঁকি বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে সেলিম রেজা হাবিব বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের প্রবণতা বেশি থাকে।
তিনি বলেন, এসব নির্বাচনে নয়টি ওয়ার্ডের সাধারণ সদস্য, তিনটি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি তৎপরতা প্রয়োজন হয়।
কমিটির সভাপতি জানান, বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন।
এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।