পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের আরও কাছাকাছি পৌঁছেছে। আগামী ডিসেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের কার্যক্রম সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় তা পিছিয়ে যায়। গত সপ্তাহে উচ্চ চাপে দুই দফায় ভালভের পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার ফলাফল যাচাইয়ের পর গত বৃহস্পতিবার পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। আজ রোববার বেলা ৩টা ৩৪ মিনিটে বিক্রিয়া শুরু হয়।
টাকার অঙ্কে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে কমিশনের অধীন সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট করে উৎপাদনক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান প্রথম আলোকে বলেন, তিন দিনের প্রস্তুতির পর গতকাল শনিবার পারমাণবিক বিক্রিয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়। আজ সফলভাবে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৬১ সালে শুরু হওয়া পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে দেশের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। বিজ্ঞান খাতে এটি বড় একটি মাইলফলক।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, প্রথমবারের মতো কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিপাত্র সফলভাবে ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের অর্জন হিসেবে দেখা হচ্ছে। ক্রিটিক্যালিটি অর্জনের পর চুল্লিপাত্রের গুরুত্বপূর্ণ সব মাপকাঠি নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের মতে, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়ার পথে পারমাণবিক বিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ। রূপপুর কেন্দ্র সেই ধাপ অতিক্রম করেছে। পরবর্তী পর্যায়ে অনুমোদিত কমিশনিং কর্মসূচি অনুযায়ী রিঅ্যাক্টর ফিজিকস পরীক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যাচাই, ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করা হবে। প্রতিটি ধাপে সর্বোচ্চ নিরাপত্তার মান, অনুমোদিত পদ্ধতি ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করতে হবে।
কেন্দ্রটির কর্মকর্তারা বলছেন, চুল্লিপাত্রের ক্রিটিক্যালিটি অর্জন বাংলাদেশের জন্য কেবল প্রযুক্তিগত সাফল্য নয়; এটি দেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তিতে সক্ষমতার ঐতিহাসিক স্বীকৃতি। দীর্ঘদিনের প্রচেষ্টার পর বাংলাদেশ এখন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
বিক্রিয়া শেষ করতে লাগতে পারে ৩০–৪০ দিন
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্রের তথ্য অনুযায়ী, পারমাণবিক বিক্রিয়া শুরুর পর পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে ৩০ থেকে ৪০ দিন লাগতে পারে। এরপর ধাপে ধাপে চুল্লিপাত্রের ভেতরে শক্তি উৎপাদনের ক্ষমতা বাড়ানো হবে।
পারমাণবিক জ্বালানির বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি তৈরি হবে। সেই তাপ ব্যবহার করে বাষ্প উৎপাদন করা হবে, যা টারবাইন ঘোরাবে। এর মধ্য দিয়েই বিদ্যুৎ উৎপাদন হবে।
চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরু হওয়ার পর ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তখন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এটি আগামী ডিসেম্বরে হতে পারে বলে পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন শুরু হওয়ার পর টানা সাত থেকে আট মাস পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে স্থান পাবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি গ্রহণের সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম ওঠে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, চালু হলে কেন্দ্রটি থেকে ২৪ ঘণ্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি দেড় বছর পর চুল্লিতে নতুন জ্বালানি ভরতে হবে। ব্যবহৃত জ্বালানির বর্জ্য অপসারণ, নতুন জ্বালানি প্রবেশ করানো ও রক্ষণাবেক্ষণের কাজ মিলিয়ে একটি ইউনিট সর্বোচ্চ দুই মাস বন্ধ থাকতে পারে।
কেন্দ্রটির একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব হতো। তবে প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে তিন বছর দেরি হয়েছে।
রূপপুর প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের খরচ বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।