মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় প্রস্তুত ভারত: জয়সওয়াল

সম্পর্কের অভিমুখ ইতিবাচক হতে চলেছে কি না, সে বিষয়ে পরে আরও একটি প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, মঙ্গলবার ভারতের বিমানবাহিনী আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ নিয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীও ওই মহড়ায় অংশ নেবে এবং সি–১৩০ জে বিমান পাঠাবে। এ সিদ্ধান্তও কি দুই দেশের সুসম্পর্কের ইঙ্গিতবাহী?

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় প্রস্তুত ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎমুখী।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর সামনে এসেছে।

ব্রিফিংয়ে আসাদ আলম সিয়ামের নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। এমন সময়ে এই নিয়োগের খবর এলো, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই নিয়োগকে কি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা যায়?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হোক।’

সম্পর্কের অভিমুখ ইতিবাচক হতে চলেছে কি না, সে বিষয়ে পরে আরও একটি প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, মঙ্গলবার ভারতের বিমানবাহিনী আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ নিয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীও ওই মহড়ায় অংশ নেবে এবং সি–১৩০ জে বিমান পাঠাবে। এ সিদ্ধান্তও কি দুই দেশের সুসম্পর্কের ইঙ্গিতবাহী?

এর জবাবেও জয়সোয়াল দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভারতের লক্ষ্য ও অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন।

ভারতের বিমানবাহিনীর আয়োজনে বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর এয়ার ফোর্স স্টেশন ও আশপাশের বিমানঘাঁটিতে এই মহড়া হবে।

মহড়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশও অংশ নেবে। আরও ৩২টি দেশ এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। ২০২৪ সালে ভারতে প্রথমবার ‘তরঙ্গ শক্তি’ মহড়া অনুষ্ঠিত হয়। ওই বছর বাংলাদেশ পর্যবেক্ষক দেশ হিসেবে এতে অংশ নিয়েছিল।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরুর বিষয়টিও ব্রিফিংয়ে উঠে আসে। এক সাংবাদিক জানতে চান, সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে তিনটি শর্তের কথা জানিয়েছিল। নতুন করে আলোচনা শুরুর সময় বাংলাদেশ কি সেই শর্তগুলো তুলে নিয়েছে?

জবাবে জয়সোয়াল কোনো মন্তব্য না করে বলেন, কিছু বলার থাকলে পরে জানাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন, যোগ দিয়েছেন অধিবেশনেও। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

এ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই।