পদোন্নতির দাবিতে টানা ১৮ দিনের অসহযোগ আন্দোলনের পর এবার ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন দুই শিক্ষক।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষকদের এই কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে চলমান ক্লাস, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষাসহ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, চলমান পদোন্নতি জটিলতা নিরসনে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যমান আইন, নীতিমালা ও প্রচলিত চর্চা অনুসরণ করে শিক্ষকদের পদোন্নতি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। ওই আশ্বাসের পর শিক্ষকরা পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে কেবল পাঠদানে ফিরে যান।শিক্ষকদের দাবি, তাদের জানানো হয়েছিল যে শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত ৯৪তম সিন্ডিকেট সভায় পদোন্নতি বিষয়ে গ্রহণযোগ্য সমাধান হবে। তবে উপাচার্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংকট নিরসনের উদ্যোগ নেননি। বরং অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
এর প্রেক্ষিতে রোববার বৈঠক করে শিক্ষকরা ক্যাম্পাস শাটডাউনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন কয়েকজন শিক্ষক।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল এবং সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বর্তমানে ক্লাস, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। দীর্ঘদিন ক্যাম্পাসে অচলাবস্থা থাকলে সেশনজটসহ নানা শিক্ষা সংকট আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।পদত্যাগের বিষয়ে সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, উপাচার্য শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষা করায় শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি জানান, সংকট নিরসনে একাধিকবার অনুরোধ করেও কোনো ফল না পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষকদের দাবির পক্ষে কথা বললেও তা গুরুত্ব পায়নি। এ কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
তবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দাবি করেছেন, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় শিক্ষকদের পাঁচ প্রতিনিধি সহ সবার ঐকমত্যে সিদ্ধান্ত হয়েছে—আগামী দুই মাসের মধ্যে অভিন্ন সংবিধি প্রণয়ন করে পদোন্নতির ব্যবস্থা করা হবে।তিনি বলেন, “আমরা বিধি অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি দিতে সর্বোচ্চ আন্তরিক। কিন্তু এরই মধ্যে শিক্ষকরা আবার আন্দোলনের ডাক দিয়েছেন।”
দুই শিক্ষকের পদত্যাগ প্রসঙ্গে উপাচার্য জানান, এখনো তিনি আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র পাননি। তবে তারা মৌখিকভাবে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হলেও ইউজিসি চিঠি দিয়ে তা স্থগিত করে। পরে ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুসরণ করে পদোন্নতি দিতে নির্দেশ দেওয়া হয়। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এ নীতিমালায় যুক্ত হলেও ববিসহ তিনটি বিশ্ববিদ্যালয়ে তা এখনো কার্যকর হয়নি। এ কারণে নতুন নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন ও ইউজিসির ছাড়পত্র পাওয়ার পরই পদোন্নতি দেওয়া সম্ভব বলে জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।