ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন।
বিদেশ যাত্রার প্রাক্কালে আজ শনিবার প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের সাথে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন।
এর আগে গতকাল শুক্রবার ঢাকার চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে ছাত্র সংসদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, চীনা দূতাবাসের প্রতিনিধি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের এই সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে তাঁর নতুন বৈবাহিক জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
চীনা দূতাবাসের এই বিশেষ আমন্ত্রণে শনিবার থেকেই ডাকসুর ১৫ সদস্যের এই দলটির সপ্তাহব্যাপী সফর কর্মসূচি শুরু হচ্ছে। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ ভবন, শিক্ষা ও উচ্চতর গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ঐতিহাসিক স্থানও ঘুরে দেখার কথা রয়েছে প্রতিনিধিদলের।