শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ডাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি ছাত্রদলের আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ (সাদিক কায়েম) বেশ কয়েকজনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ডাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি ছাত্রদলের আলটিমেটাম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ (সাদিক কায়েম) বেশ কয়েকজনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদানের পর উপাচার্য কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান থাকলেও শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা জরুরি।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিবিরের গোপন রাজনীতির প্রভাবে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠেছে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উসকানিমূলক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশেষ করে নারী নেত্রীদের টার্গেট করে অশালীন প্রচারণার অভিযোগ তুলে সংগঠনটি জানায়, এসব কর্মকাণ্ডে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্নাহ এবং ডাকসুর ভিপি মো. আবু সাদিক সরাসরি জড়িত।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, ‘DU Insider’, ‘ঢাবি কণ্ঠস্বর (Daily DUCSU)’ এবং ‘DU Observer (Voice of Gen Z)’ নামক ফেসবুক গ্রুপ ও পেজগুলো থেকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টকারী তথ্য প্রকাশ করা হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে এসব বিতর্কিত পেজ ও গ্রুপ স্থায়ীভাবে বন্ধের দাবি জানানোর পাশাপাশি প্রয়োজনে রাষ্ট্রের আইনি সংস্থার সহায়তা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।