শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ছবি ছাড়া এনআইডি পেতে রিট আবেদন হাইকোর্টে খারিজ

ধর্মীয় পর্দা পালনকারীদের জন্য ছবি ছাড়া বিকল্প জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর দাবি এবারও আদালতে অনুমোদন পেল না। ছবি ছাড়া বিকল্প এনআইডি ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র পেতে ছবি দেওয়ার বাধ্যবাধকতা বহাল থাকছে।

ছবি ছাড়া এনআইডি পেতে রিট আবেদন হাইকোর্টে খারিজ

ধর্মীয় পর্দা পালনকারীদের জন্য ছবি ছাড়া বিকল্প জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর দাবি এবারও আদালতে অনুমোদন পেল না। ছবি ছাড়া বিকল্প এনআইডি ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র পেতে ছবি দেওয়ার বাধ্যবাধকতা বহাল থাকছে।

রিট আবেদনকারীর আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার হাইকোর্টের দেওয়া রায়ের পর এনআইডি পেতে ছবি দেওয়া বাধ্যতামূলকই থাকছে।

এনআইডিতে ছবির পরিবর্তে বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে বিকল্প পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম সাইফুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াস আলী মণ্ডল এবং নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী কামাল হোসেন মিয়াজী শুনানিতে অংশ নেন।

ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমদ মুনা ২০২২ সালে এ রিট আবেদন করেন। তাঁর ভাষ্য, ইসলামের পর্দার বিধান অনুসরণ করায় তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন। আইনি কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য তিনি স্বামী মুহাম্মদ আরিফুর রহমানকে অনুমতি দিয়েছিলেন।

২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প প্রক্রিয়ায় এনআইডি দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনে আবেদন করেন মুনা। তিনি জানান, একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী হিসেবে এবং নিয়মিত ইসলামী ধর্মীয় বিধান পালন করায় তিনি ছবি তোলেন না। ছবি না তোলার সিদ্ধান্তের কারণে তাঁর কোনো এনআইডি নেই। এর ফলে তিনি সরকারি ও অন্যান্য বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নির্বাচন কমিশন তাঁর আবেদনটি নিষ্পত্তি না করায় পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, এনআইডিতে ছবির পরিবর্তে বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না।

রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষ রিটের বিরোধিতা করে যুক্তি দেয়, এ ধরনের আবেদন সংবিধানবিরোধী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের ক্ষেত্রে ছবি প্রয়োজন। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজে যাওয়ার ক্ষেত্রেও হজযাত্রীদের ছবি দিতে হয়। পাশাপাশি ব্যাংক হিসাব খোলা ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। বায়োমেট্রিক পরিচয় শনাক্তকরণের জন্য আইরিস স্ক্যানসহ শরীরের কিছু শারীরিক বৈশিষ্ট্য প্রয়োজন, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে মুখ অনাবৃত করতে হবে।

সব পক্ষের বক্তব্য ও বিষয়টি বিবেচনার পর বুধবার হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।