আন্তর্জাতিক গবেষণা প্রকাশনায় নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি বৈজ্ঞানিক জার্নাল। ‘জার্নাল অব অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল রিসার্চ (জাভার)’ এবার স্কোপাসভুক্ত বাংলাদেশের জার্নালগুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করে আলোচনায় এসেছে।
সম্প্রতি স্পেনভিত্তিক গবেষণা মূল্যায়নকারী সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংস প্রকাশিত ‘সিমাগো জার্নাল র্যাঙ্ক-২০২৫’ অনুযায়ী, স্কোপাসভুক্ত বাংলাদেশের সব গবেষণা সাময়িকীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ‘জাভার’। একই সঙ্গে ভেটেরিনারি সায়েন্স বিষয়ে এশিয়ার মধ্যে দশম অবস্থানেও রয়েছে জার্নালটি।
বুধবার (১৭ জুন) সকালে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জার্নালটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ে প্রকাশিত ১৪টি গবেষণা সাময়িকী স্কোপাস ডাটাবেজে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে ‘জাভার’। অন্যদিকে, ভেটেরিনারি বিজ্ঞান বিষয়ে এশিয়ার ৪৪টি সাময়িকীর মধ্যে দশম স্থান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে নতুন মর্যাদা লাভ করেছে বাংলাদেশি এই জার্নাল। বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ থেকে পরিচালিত এবং নেটওয়ার্ক ফর দি ভেটেরিনারিয়ানস অব বাংলাদেশ (বিডিভেটনেট) কর্তৃক প্রকাশিত এবং বিগত ৫ বছর ধরে বাংলাদেশের একমাত্র ‘কিউ-২’ ভুক্ত জার্নাল এটি। আমরা আর মাত্র দুইটি জার্নালকে পেছনে ফেলতে পারলে ‘কিউ-১' ভুক্ত হতে পারবো। এটি কঠিন, তবে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরও জানান, বৈশ্বিক পর্যায়েও জার্নালটির অবস্থান উল্লেখযোগ্য। ‘সিমাগো জার্নাল র্যাঙ্ক-২০২৫’ অনুযায়ী, বিশ্বের ২০৪টি ভেটেরিনারি বিজ্ঞান সাময়িকীর মধ্যে ‘জাভার’-এর অবস্থান ৫৪তম। জার্নালটির এসজেআর স্কোর ০.৪৬২, উদ্ধৃতি-ভিত্তিক স্কোর ৩.০ এবং মানসূচক শ্রেণিতে এটি ‘কিউ-২’ পর্যায়ে রয়েছে। পাশাপাশি এর এইচ-সূচক ২৯, ইমপ্যাক্ট সূচক ১.৫ এবং পাঁচ বছরের গড় ইমপ্যাক্ট সূচক ১.৯।
ড. নাজির জানান, প্রাণিসম্পদ, ভেটেরিনারি চিকিৎসা, প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যসহ সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা নিয়মিত প্রকাশ করছে জার্নালটি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সাময়িকীটি প্রতি বছর মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর—চারটি সংখ্যায় প্রকাশিত হয়। ২০১৮ সালে প্রথমবারের মতো এটি স্কোপাসে অন্তর্ভুক্ত হয়। এখন পর্যন্ত ১০৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার সবই স্কোপাস ইনডেক্সভুক্ত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত গবেষণা প্রবন্ধ জমা পড়ে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান ড. মো. মকবুল হোসেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলমসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
জার্নালের সম্পাদক প্যানেলের সদস্য অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন বলেন, ‘জাভারের এই অর্জন বাংলাদেশের গবেষণা প্রকাশনার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণার নতুনত্ব, কঠোর সমীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া, মানসম্পন্ন সম্পাদকীয় ব্যবস্থাপনা এবং প্রকাশনার গুণগত মান নিশ্চিত করার কারণে অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে জাভার।’
মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বলেন, দক্ষিণ এশিয়ায় স্কোপাসভুক্ত জার্নালের মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে শক্তিশালী হলেও বাংলাদেশের ১৪টি জার্নালের মধ্যে ‘জাভার’ শীর্ষ অবস্থানে রয়েছে এবং এটি বাকৃবির র্যাঙ্কিং বিশ্বপর্যায়ে উন্নতিতেও ভূমিকা রাখছে।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘এই অর্জন কেবল একটি গবেষণা সাময়িকীর সাফল্য নয়, বরং বাংলাদেশের ভেটেরিনারি ও প্রাণিসম্পদ গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। এখানে দেশীয় গবেষণার চেয়ে আন্তর্জাতিক গবেষণার অংশগ্রহণ বেশি, যা আমাদের জন্য গর্বের। আমরা শিগগিরই ‘কিউ-২’ থেকে ‘কিউ-১’-এ উন্নীত হবো। জাভারকে দেখে দেশের অন্যান্য জার্নালও অনুপ্রাণিত হবে।’