বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার স্বপ্ন বুনছে পাকিস্তান। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার ও মানোন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। কেবল একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনই নয়, ফুটবলের বরপুত্রদের দেশ আর্জেন্টিনার সঙ্গে দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সহায়তা ও কোচিং প্রশিক্ষণের নতুন এক যাত্রা শুরু করতে চায় দেশটি।
সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় কেবল মাঠের লড়াই নয়, বরং আর্জেন্টিনার অভিজ্ঞ কোচদের পাকিস্তানে এনে স্থানীয় কোচদের প্রশিক্ষণ প্রদান এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর এই বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি মাঠে গড়াতে পারে। তবে চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি। ম্যাচ আয়োজনের আর্থিক সংস্থান, সময় নির্ধারণ ও কারিগরি বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ আরও বিশদ পর্যালোচনার প্রয়োজন দেখছে।
পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানির তত্ত্বাবধানে পাকিস্তান এখন বিশ্ব ফুটবলের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির কৌশল গ্রহণ করেছে। বড় দলের বিপক্ষে এমন প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানি ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে মনে করছে ফেডারেশন।
আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এএফএ পাকিস্তান’ প্রকল্পের অধীনে এই সংলাপের আয়োজন করা হয়। দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে একটি টেকসই ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক সাড়া দিয়েছে।
রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পিএফএফ সভাপতি মহসিন গিলানির পাশাপাশি এএফএ-র মার্কেটিং ডিরেক্টর ফ্রান্সিসকো লেম্মি উপস্থিত ছিলেন। তারা পাকিস্তানের ফুটবলকে পেশাদার কাঠামোতে নিয়ে আসার জন্য বাস্তবসম্মত সহযোগিতার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।







