কারাগারে বন্দি স্ত্রীর কাছে গাঁজা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দবির মোল্যা নামে এক ব্যক্তি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে।
দবির মোল্যা মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব মোল্যার ছেলে।
কারা সূত্রে জানা গেছে, মাদক মামলায় আটক হয়ে কারাগারে থাকা তন্বী খাতুন কারা অভ্যন্তরেও মাদকের ব্যবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর মাধ্যমে গাঁজা সংগ্রহের চেষ্টা করছিলেন।
মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, বৃহস্পতিবার সকালে স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন দবির মোল্যা। এ সময় আরপি গেটে দায়িত্ব পালনরত কারারক্ষী রফিকুল ইসলাম তাকে তল্লাশি করলে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।
ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্বী খাতুনকে দুই দিন আগে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মাগুরা জেলা কারাগারে বন্দি রয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, কারাগারে থাকার সময়ও মাদক কারবার চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্বামীকে দিয়ে গাঁজা ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করেন।
জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেছেন, স্ত্রীর জন্যই তিনি গাঁজার প্যাকেট নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ ঘটনা কারাগারের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে।







