আর্কাইভ
ads
logo

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ জুন ২০২৬, ১১:৩৭ পি.এম
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ads

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান ওই এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজিবুর রহমানসহ ছয় থেকে সাতজন বাংলাদেশি মনু নদ অতিক্রম করে ১৮৫২ ও ১৮৫৩ নম্বর প্রধান সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহলদল তাদের বাধা দেয়।

একপর্যায়ে টহলদলের সদস্যরা গুলি ছুড়লে মুজিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত সেখান থেকে সরে যান। গুলির শব্দ শোনার পর বিজিবি সংশ্লিষ্ট বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলে জানা গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, 'নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে।'

একই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, 'খবর নিয়ে জেনেছি বিকেলে নিশ্চিন্তপুরের মনু নদীর তীর সংলগ্ন এলাকায় গেলে মুজিবুর রহমানকে বিএসএফ গুলি করে।'

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, 'বিএসএফ নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।'


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ