আর্কাইভ
ads
logo

সড়ক পথে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ জুন ২০২৬, ০৪:০১ পি.এম
সড়ক পথে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

ads
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন নজির স্থাপন করে সড়ক পথে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কোনো ভারতীয় হাইকমিশনার প্রথাগত আকাশপথ এড়িয়ে স্থল সীমান্ত ব্যবহার করে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশে প্রবেশ করলেন।

আজ শুক্রবার দুপুরের দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের এই শীর্ষ কূটনীতিক তার সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদীকে সাথে নিয়ে বাংলাদেশে আসেন। সীমান্তে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসি দাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ এবং বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। ইমিগ্রেশন ও প্রশাসনিক প্রটোকল সম্পন্ন করার পর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বাংলাদেশে পা রেখেই দুই দেশের নিবিড় আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে নবনিযুক্ত হাইকমিশনার জানান, ভারতের ১৪০ কোটি জনসংখ্যার সাথে বাংলাদেশের ২০ কোটি মানুষকে যুক্ত করে তিনি ১৬০ কোটির এক অভিন্ন মেলবন্ধন দেখছেন। এখানে দুই দেশের মানুষের জন্য যা কিছু করার, তা যৌথভাবেই করা হবে। স্থল সীমান্ত দিয়ে হেঁটে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার আবহাওয়া, প্রকৃতি সবই এক। ফলে নিজেকে তার অন্য কোনো দেশের নাগরিক বলে মনে হচ্ছে না। বহুল আলোচিত ভিসা জটিলতার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, দুই দেশ মিলেমিশেই এই সমস্যার সমাধান করবে। ভৌগোলিক অভিন্ন সীমান্তের পাশাপাশি দুই দেশের মানুষের স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলোও একই রকম। তাই পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসার শক্তিতে যেকোনো সংকট দূর করা সম্ভব।

কূটনৈতিক কার্যক্রমে নিজের প্রধান লক্ষ্যের বিষয়ে প্রবীণ এই রাজনীতিক স্পষ্ট করেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নই হবে তার একমাত্র অগ্রাধিকার। দুই দেশের মানুষ ভাই-বোনের মতো উল্লেখ করে তিনি জানান, প্রতিটি নাগরিকের, বিশেষ করে মা ও বোনেদের কল্যাণ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দিল্লির নতুন প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। গত সাড়ে পাঁচ দশকের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে প্রেরণ করল ভারত সরকার।

বাংলাভাষী দীনেশ ত্রিবেদী বাঙালি সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য দর্শনে অত্যন্ত পারদর্শী। কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেস হয়ে বর্তমানে বিজেপির রাজনীতির সাথে যুক্ত থাকা এই নেতার রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ